জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা
মেগাস্থিনিসের হাসি
নিঃশব্দ কামানে তুমি একা বসে ভরছো বারুদ
শীতকাল গেল
নিঃশব্দ কামানে তুমি একা কেন
ভরছো বারুদ?
আমি ভাবছি
মেগাস্থিনিসের হাসিও কি মেগাস্থিনিস?
শক্তিচালিত এই তামাশার মধ্যে বহু
বাদামি ঘোটক উড়ে যায়
------এঞ্জিনের শব্দ আর রোবটের কাশি শোনা যায়
নিঃশব্দ কামানে তুমি এখনো কি ভরছো বারুদ?
--------------------------------------------
দর্জিঘরে একরাত
শূন্যতা বল্লম এক, গেঁথে আছে দর্জিমহলে!
রাশি রাশি বস্ত্র ফেলে দর্জিদল গোপনে উধাও
শুধু দেয়ালের গলদেশে ঝুলে আছে
একটি পুরনো ঘড়ি--- মৃত !
দশবস্ত্রে-দিগম্বর বেশ্যার ইশারা আজ মেঘেতে উত্থান
তাই, লক্ষ শিশ্ন হাতে চেপে দর্জিদল মেঘে ধাবমান
শৃঙ্গারের গোলাপি আরকে আজ প্রতিপার্শ্ব ঢাকা;
আঁধারে ঝরনার মতো বেজে ওঠে গণিকামহল
সবুজ প্রিজমে আমি চোখ রেখে সবকিছু দেখি:
দর্জিদের অনুপস্থিতির এই দীর্ঘ অবসরে
আতশি কাচের গুঁড়ো জড়ো করে চুপে
ঢেকে রাখি ফাঁকফুঁক, দর্জিঘর, ঘড়ি ও জানালা
--------------------------------------------
ক্রমহননের পথ
অপাপবিদ্ধের মতো জোড়া-জোড়া চোখ দেখে ভয়
এই বুঝি রিরংসা নামের কোনও বিস্ফোরণ ঘটে!
তবু নিথরতা
দূরে ট্রেন চলমান। ঝাউবনে স্রোতকল্প দোলা
এসো, তোমাকে উদ্ভিন্ন করি রাতপরিদের নামে
ইন্দ্রিয়ের ক্ষমজলে, তরল ক্ষীরের মতো
গলমান নির্বেদের স্রোতে
সহস্র তীরের শব্দ, শত হুল তোমার পেছনে
তুমি একা। তাতে ভয়
----ভয় বুঝি সংবেদনের কোনো ডানা?
তাহলে উড্ডীন হও, উড়ে চলো বনের ভেতর
ক্রমহননের পথ পাড়ি দিয়ে দ্যাখো
ঘাসে ঘাসে সিঁড়ি চলমান
পর্বতের ধাপে-ধাপে
মনুষ্যখুলির ছায়া প্ররোচনা আকারে সাজানো
আর দ্যাখো, জলের আঙুলে আঁকা
চিত্রময় শুয়ে আছো তুমি
তোমাকে ঘিরেই জাগে শত শত দেয়াল, প্রাকার
ক্রমহননের পথ আমাকে বেষ্টন করে
ঝুঁকে আছে তোমার ওপর!
--------------------------------------------
শীতের দৈত্য
‘কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের
বিরুদ্ধে দৌড়াই,
আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি’
--সামুয়েল ২২/বাইবেল
দ্যাখো, ভৈরবে মেঘনার তীরে আমি বাদাম ফলাই
আর, শাদা বালুর ভিতরে হাত গলিয়ে
বীজের স্নেহ কুড়িয়ে চলি---ধীরে,
কুলিয়ারচর থেকে মাছ আর
তাদের সম্ভাবনাময় তরুণ ডিমগুলিকে
উপহার হিসেবে পাঠাই নানাদিকে
নানা রিরংসাঘন শহরের ঠিকানায়
অসংখ্য বনঘুঘু আর পায়রার লাশ মাড়িয়ে
আমাকে পৌঁছাতে হয় তোমার উঁচু-প্রাকারঘেরা শহরে
সেখানে ঝাঁ-ঝাঁ রোদের ভেতরেও
করমর্দনের উষ্ণতাগুলি হয়ে আছে
ঠান্ডা-হিম ঘুমন্ত কামান
আর, প্রেম সেখানে
ছেঁড়া ও পুরোনো তাঁবুর ভেতরে মৃত্যুর তরঙ্গ-বেষ্টিত
দূর,ধস্ত, মলিন, কাতর মফস্বলে আমি থাকি
রাত্রির অসংখ্য মরানদী উজিয়ে ভাবি--
স্মৃতি-ভস্মের ধু-ধু প্রান্তর পেরিয়ে
বিপুল দামামাসহ আমি আবার
এক শীত থেকে অন্য শীতে
তোমার ক্রূর সৈন্যদলের পেছনে দৌড়াব
--------------------------------------------

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন