রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

দেবাশিস দাস, গদ্য

 

একটি মশার কয়েল ও কাম্যু

সারাদিন তীব্র রোদের পর, এখন অন্ধকার। মোবাইল স্ক্রিনের আলো আমার অবসেসিভ কম্পালসিভ ডিসর্ডারকে বহুগুন বাড়িয়ে তোলে। 

আমি আত্মহত্যার কথা ভাবি, ভাবি, মৃত্যু আর মুক্তির কথা। 

বাইরে কোনো বাতাস নেই, ঘরের ভেতর পরিচিত ফ্যানের শব্দ আর বিছানার নীচে নিঃশব্দে জ্বলতে থাকা মশার কয়েল। ব্যস, জীবন মানেই জী বাংলা। যেন বাতাসে ধোঁয়ার উৎসব , যেন সময়, নিজেই নিঃশব্দ আত্মহত্যা করে চলেছে নিয়ত। 

আপাতত একটা চেয়ারে বসে আছি। 

কামুর একটা লাইন মাথায় কাঁটার মতো ঘুরছে — “There is but one truly serious philosophical problem, and that is suicide.” কিন্তু আজ কোনো আত্মহত্যা নয়, বরং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই — কয়েলটা কী করছে? মশাদের হত্যা ? নাকি নিজেই ধ্বংস হয়ে তার অস্তিত্বকে শেষ করে দিচ্ছে?

অন্ধকার থেকে একটা উত্তর ভেসে এলো - 

 “কয়েলটি নিজের অস্তিত্বকে ধ্বংস করছে এক বৃহত্তর অন্ধকারের বিরুদ্ধে” — 

কী আশ্চর্য, অথচ সেই অন্ধকারকেই সে আবার প্রশ্রয় দেয়। তার ধোঁয়া আপাতত আমাকে মশার হাত থেকে বাঁচালেও, আমার ফুসফুসে নিঃশব্দে জমা রাখে তার বিষ। 

এই কয়েলটাই কি তবে সেই সিসিফাস , যে বারবার নিজের ধ্বংসের দিকে নিজেই এগিয়ে যায় জেনে বুঝেই?

কামুর “অ্যাবসার্ড হিরো” — সিসিফাস — পাথর ঠেলে পাহাড়ে তোলে, আবার গড়িয়ে যায় নিচে। 

কয়েল জ্বলে, ধোঁয়া ছাড়ে, শেষমেষ নিঃশেষ হয়ে যায় ছাইয়ে। 

তবু আমরা প্রতিদিন একটা নতুন কয়েল জ্বালাই। কারণ মশা থেমে থাকে না। এই অবিরাম সংগ্রামই আমাদের জীবন। জীবনের অন্য নাম বিদ্রোহ,

অর্থহীন, উদ্দেশ্যহীন, তবুও বিরামহীন তার যাত্রা।

জানি, মশারা আবার আসবে। জানালার ফাঁক গলে ঢুকবে নিঃশব্দ প্রতিপক্ষের মতো। 


আজ সারারাত পৃথিবীর প্রতিটি কয়েল জ্বালবে । 

যেমন প্রতিদিন ঘুম ভাঙে, তারপরে অফিস, ভালোবাসা, ঘৃণা, কবিতা, এটা জেনেও যে শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য।

অন্ধকার ঘন হয়ে আসে। কয়েলের শেষ অংশটুকু জ্বলছে এখন। ধোঁয়ার গন্ধ, নিঃসঙ্গতা- 

এই জীবনের, এই অস্তিত্বের, এই অপেক্ষার-

তবু বেঁচে থাকা। ঠিক যেমন কয়েলটা জ্বলছে ।

দূর থেকে দেখি, কামু তার হিমশীতল দৃষ্টি নিয়ে 

আমার দিকে তাকিয়ে আছেন — আমিও তাকিয়ে আছি 

মুখোমুখি তাকিয়ে আছে জীবন আর মৃত্যু! 





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com