রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

কৃষ্ণেন্দু অধিকারী, গুচ্ছ কবিতা


 ভাঁট ফুল

দিনশেষে বাড়ি ফিরছি,

বাজারের ব্যাগ ফিরছে,

মাছের লেজ ফিরছে,

চৈত্রের ফর্দ ফিরছে।

কাকেরাও ফিরছে,

ঠোঁটে পাশের বাড়ির ইঁদুর,


আমাদের ফেরা দেখছে, কয়েকটা ভাঁট ফুল—

************************


          

চুমু

ব্রিজের উপর দাঁড়িয়ে তারা প্রেম করছে

রোদে পুড়ে যাচ্ছে নদী

তারা প্রেম করছে।


জল চুমু খাচ্ছে ঠোঁটে

ঠোঁট মিশে যাচ্ছে জলে

তারা প্রেম করছে।


আশপাশে কেউ নেই

আশপাশে আছে সবাই।


তারা প্রেম করছে

আর পাড় ভাঙছে নদীর—

********************



এমন সন্ধ্যায়                                         

ভিড়ের মধ্যে আলো, তাসা, জয়ধ্বনির ভেতর,

বেগুনি রঙে, আরও গাঢ় হয়ে উঠেছো।


যেমন করে রথ এসে দাঁড়ায়, দাঁড়িয়েছো তেমন।


পথের ধারে এমনি করেই সুদীর্ঘকাল কেটেছে আমাদের।

অনশনের ব্যথা কেটেছে এক পলকে।


তবু এই দাঁড়ানো, এই অপেক্ষা, আমার এই বারবার তাকানোর অসহজ ইচ্ছের ভেতর যতো মেঘ, যতো রাত — বন্ধুরা জানে 


তারাই জানে কতখানি বেঁচে আছি,

কতখানি মরে গেছি এমন সন্ধ্যায়।

*********************



যাত্রা 


১

সময় দুপুর

রোদ ঠান্ডা, নরম,

কেউ যাচ্ছে,

দরজায় ছায়ার অনুপ্রবেশ।


২

ধৃতি বজায় রেখো, দৃষ্টিও

আলো ফেলো উপর থেকে,

স্পষ্ট, ধারাবাহিক 

দেখো, কীভাবে একটা লোক নদীর কাছে যায়।



৩

যাওয়ার অনেক পথ,

অনেক সিঁড়ি,

অনেকগুলো সম্পর্ক,

কে কোনদিকে যাবে, একমাত্র জানে নদী।



৪ 

ভরা নদী, নদীতে ঢেউ, ঢেউয়ের ভেতর দূরত্ব।

যেটুকু বিনয়-অনুপযোগী, বিশৃঙ্খল

এখন যাওয়া আসার একটাই পথ,

ডুবে যাওয়া।



৫

স্রোতের ভেতর পাথর, 

স্রোতে কাঠ, কাঠের গা কালো,

আমার সব রঙ এখন জল।



৬

জলের বাহাদুরি দেখি

সঞ্চার, আলিঙ্গন, আত্মীয়তা পাই।



৭

কেউ জানে না কতদূর গেলাম,

নদীর জল, দূরত্ব, সতীর্থ এড়িয়ে—

কতদূর গেলাম সান্ধ্য আলোর মতো।

কেউ হয়তো এও জানে না—

আমি কতবার ফিরে এসেছি; যাওয়ার পর।

*******************************




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com