রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

পদ্মশ্রী মজুমদার, কবিতা



 ঋণ


সব ঋণ শোধ করে দেব। 

শুধু অভিমান ছাড়া। 

ওটা রইল ঝিনুকের ভেতর, 

স্বাতী নক্ষত্রের জল পেয়ে

মুক্তো হবে কোনো দিন।



মাউথ অর্গান


রাত গভীর হলে মাউথ অর্গানের সুরে ডুবে যায় শহর। যে সুরে বৃষ্টি আসে, মুছে যায় এ জন্মের দাগ। রাতজাগা পাখিরা দেখতে পায়, যে বৌটি অভিমানে গলায় দড়ি দিয়েছিল, যাকে ক'দিন আলোচনার পর ভুলে গেছে সবাই, সে চাঁদের আলোয় উঠোনে ধান ছড়িয়ে দেয়। মাউথ অর্গানে সুর বাজে "এসো মা লক্ষী----"। 

একলা বাদুড় চাঁদ পেরিয়ে যায়। শহর কোনো দিন শুনতে পায় না বাদুড়ের ডাক। শুধু মাউথ অর্গান জানে তারও হৃদয় থেকে শব্দ ঝরে। তারও হৃদয় জুড়ে পালিত হয় যাপন উৎসব।হর্ষ-বিষাদের সেই শব্দ মাউথ অর্গান সুরে বাঁধে। রাত্রির বুকে কান পাতলে শোনা যায়। 

মাউথ অর্গানের সুরে ভেসে পরীরা নেমে আসে দীঘির জলে।গহীন রাতে ঘুমন্ত শহর সাক্ষী থাকে এক অদ্ভুত জল কেলির। প্রতিটি ছলাৎছল সুরে বাঁধা।ছন্দে বাঁধা তার গতি।আবর্তন ঘুরে আসে। সমাবর্তনে মিলিত হয় তিন কাল। কে আমি আর কে তুমি!সবই আমি অথবা সবই তুমি।

সুরে দোল খায় দীঘির বুকের ঢেউ। ঢেউয়ের মাথায় দোল খায় পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা বিশ্বাসের ঘর। সংহারকর্তা ধ্যানমগ্ন। মাউথ অর্গান বাজে।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com