অর্পিতা আচার্য, গল্প
অথ নদী কথা
আজও সময় মতোই বাড়ি ফিরলো সৈকত ।
তিরিশ বছর ধরে প্রতি প্রদোষোত্তর অন্ধকারে এই একই রাস্তায় বাড়ি ফেরে সে। অফিসের ঠিকানা বদল হলেও বাড়ির রাস্তা তো আর বদলায় না। এই গলিপথ তার মজ্জায় মজ্জায়।
ঘরে ঢোকার পর কী দেখবে তাও সে মুখস্থ বলতে পারবে । নিশ্চয়ই উশ্রী সিরিয়াল দেখছে। সে ঢুকবে, ধীরে সুস্থে সিরিয়াল শেষ করে উশ্রী তাকে চা জলখাবার দেবে, আবার নতুন সিরিয়াল, তারপর রাতের খাওয়া, অভীককে একবার ফোন, ঘুম, আবার সকাল-আবার সেই একই রুটিন ।
কিন্তু আজকের সন্ধ্যা কেন যেন আলাদা হয়ে গেল। পরিচিত ব্যত্যয় নয়, অন্য কিছু, অন্য একরকম।
দরজার চাবি ঘুরিয়ে সে ঢুকলো, যেমন ঢোকে। কিন্তু ভেতরে ঢুকেই সৈকত থমকে গেল। উশ্রী নেই। কোথাও গেছে? উশ্রীর ফোন পড়ে আছে শোয়ার ঘরের বিছানায়।
আর, আর…
বাকি সব কিছু ঠিক আছে । সোফা। টেবিল। দেওয়ালের ঘড়ি। বুকশেলফ। কিন্তু মনটা খুঁত খুঁত করে। কী যেন একটা নেই! কী যেন একটা বদলে গেছে।
ওহ, দেওয়ালের ছবিটা।
আশ্চর্য! ছবিতে সে আছে, অভীক আছে। কিন্তু উশ্রী নেই।
সৈকত ছবিটার সামনে দাঁড়িয়ে রইলো অনেকক্ষণ। হালকা শোকের মতো কিছু অনুভব করলো। তারপর আবার এঘর ও ঘর খুঁজতে লাগলো। রান্না ঘর, পড়ার ঘর, বসার ঘর । না, উশ্রী নেই । রাত হয়ে যাচ্ছে, ফিরেও আসছে না! যেন উবে গেছে মানুষটা । যেন অনন্তকাল অপেক্ষার পর সে হতাশ হয়ে গেলো এবং সে দীর্ঘশ্বাস ফেললো এবং খুব ঘুমে চোখ জড়িয়ে আসছে তাই ঘুমিয়ে পড়লো। একা বিছানায় আজ বড় ভালো ঘুম হলো তার। নিশ্চিন্ত ঘুম!
পরদিন সকালে যথারীতি সে আবার অফিস যাওয়ার জন্য প্রস্তুত হলো। যাওয়ার আগে দেওয়ালের দিকে তাকিয়ে দেখে নিলো, ছবিতে তার পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে অভীক। জোয়ান ছেলে, পড়তে গেছে ভুবনেশ্বরে। তবু মনে হয় যেন এক ছোট্ট বালক! বড় মায়া হলো তার । আঙুল বুলিয়ে দিলো ছবির গায়ে। সূক্ষ্ম এক প্রশান্তি ছড়িয়ে পড়লো তার মুখে।
তারপর নিশ্চিন্তে সে অফিসে গেলো।
কিন্তু বিকেলে ফিরে এসে চাবি ঘুরিয়ে ঘরে ঢুকে অবাক হয়ে গেলো। আজও সব তেমনই আছে, সোফা খাট আলমারি, ফুলের টব, হ্যাঙারে ঝোলানো তার কালো জামা, এমন কি ছবিটাও ।
শুধু ছবিটায় তার পাশে কেউ নেই! অভীকও নেই। সে একা। একদম একা। ভয় পেলো সে। অভীককে ফোন করলো। বারবার। ফোন বেজে যায়, কেউ ধরে না। কেউ না।
এবার ছবিটার একদম কাছে এসে হতবাক দাঁড়িয়ে রইলো সে। ঘুরিয়ে ফিরিয়ে কেবল নিজেকে দেখলো। নিজেরই মুখ শুধু। এতদিনে নিজের প্রতি বড় দয়া হলো তার। ভালোবাসা প্রেম মোহ মায়া সব দিয়ে নিজের ছবিটাকে বুকে আঁকড়ে ধরলো। চোখের জল দিয়ে ভিজিয়ে দিতে ইচ্ছে করলো নিজেকে।
তারপর একা একাই পেট ভরে খেয়ে নিলো সে। একা একাই ঘুমিয়ে পড়লো জানালার চাঁদের আলোর পাশে, নিজের একক অস্তিত্বকে স্নান করালো জ্যোৎস্না আলোয় ।
সকালে উঠে সে নিজের জন্য মৌজ করে এককাপ চা বানিয়ে খেলো। তারপর এঘর ও ঘর ঘুরে বেড়ালো। ঘরগুলো অদ্ভুত চুপচাপ।
কেউ আছো?
শেষবারের মতো খুঁজলো সে। কেউ উত্তর দিলো না। শোবার ঘর। রান্নাঘর। বারান্দা। না, কেউ নেই।
ভালো লাগে না তার! দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ে । অফিসে যেতে ইচ্ছে করে না আজ আর। কিন্তু কোথায়ই বা যাবে? আর কোথাও যাওয়ার জায়গা নেই বলে শেষ অবধি অফিসেই যায় সে। অফিস ছুটির পর আজ আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। সে এও ঠিক করে আর কোনোদিন সে অফিসে যাবে না ।
নিজেকে বড় মুক্ত লাগে তার। সারা শহর ঘুরে বেড়ায়। সব প্রিয় জায়গাগুলি ঘুরে ঘুরে দেখে । সবই একইরকম আছে । সবাই একই রকম ঘুরছে ফিরছে, ফাস্ট ফুড খাচ্ছে, দু-পয়সা ভাড়ার জন্য ঝগড়া করছে। কেউ লক্ষ্যই করছে না যে সে কতখানি একা।
অনেক রাতে বাড়ি ফিরে এলো সে। দরজা খুলে ঘরে ঢুকলো। সব আছে। আলমারি খাট বাসন কোসন, টিভি ফ্রিজ, পোশাক আশাক। এমনকি দেওয়ালের ছবিটাও।
কিন্তু ছবিতে কেউ নেই।
এমন কি সেও নেই। খালি ছবিটার দিকে তাকিয়ে এতক্ষণে কান্না আসে তার। নিজের জন্য বড় মায়া হয়। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে সে নিজেকে। এত যে প্রিয় ছিল সে তার নিজের, সে তো জানতোই না! কোথায় গেল সে! তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, তার প্রৌঢ়ত্ব। আহা রে, কোথায় গেল তারা! পাগলের মতো খুঁজতে থাকে সৈকতকে সে সারা ঘরে । নেই নেই! কোথাও নেই!
তারপর হঠাৎ তার মনে হয়…
সে কি ভুল বাড়িতে এসে ঢুকেছে? এতদিন কি সে তবে ভুল দরজা খুলে এসেছে?
দৌড়ে বাইরে বেরিয়ে এলো সে । রাতের অন্ধকারে ডুবে আছে জনপদ। এ কোথায় এসেছে সে? কোন শহরে? সব যে একই রকম বাড়ি। সারি সারি দরজা। কোথায় তার বাড়ি?
পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো সে। খুঁজে বেড়াতে লাগলো নিজের বাড়ি। কিছুতেই মনে করতে পারলো না, কোন বাড়িটা তার, কোন দরজার চাবি তার পকেটে, এমন কি তার নামই বা কী! দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়লো সে ।
তারপর একসময় শান্ত হয়ে গেল। হাঁটুর ওপর থুতনি রেখে বসে রইলো তারা ভরা আকাশের দিকে তাকিয়ে।
সামনে একটা নদী । নদীর জলে চাবিটা ছুঁড়ে ফেলে দিলো। ভরা জল টলটল।



🙏
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুন