পায়েল দেব, গুচ্ছ কবিতা
উপদ্রব
১
আমি কি কবিতা লিখতে পারি? ধরুন আপনাকে জিজ্ঞেস করলাম। উত্তর দিন। জোর করেই না হয় 'হ্যাঁ' বললেন। তবে শুনুন আমার কবিতায় অন্য একটা জগতের কথা উঠে আসতে পারে। যেখানে কাক ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে আমি কাক, আমার ছাত্রছাত্রীরাও কাক। আমার বস কাক, তাঁর বসও কাক। সবাই সমান। সবার কেবল কা কা কা।কবিতার মাধ্যমে পাঠককে এমন একটা জগতে নিয়ে যেতে চাই যেখানে কা কা- ই ব্রহ্ম। আমার কবিতা যদি সত্যি হয় তবে আমার পাঠকও কাক।সেই জগতে যারা লেখেন তারাও। তাদের পাঠকরাও।
আপনারা বুঝতে পারছেন? আপনারা কাকের জগতে প্রবেশ করেছেন। হন্যে হয়ে খুঁজে চলেছেন আমায়, আমিও আপনাদেরই দলে বসে কবেই জুড়ে দিয়েছি আমার "কা কা" রব।
২
প্রত্যেকেরই একটা ছক থাকে। ছকের বাইরে আপনি বেড়াল। আপনার কথা মাথায় এলেই লোকের মনে হবে 'উপদ্রব'। আপনি যত ভালো নার্স হোন, যত ভালো কবি হোন, সব ভালোবাসা ঘৃণা ছাড়িয়ে আপনার উপদ্রবে সব মাঠে মারা যাবে। তাকিয়ে থেকে দেখবেন আপনি কতটা নিরক্ষর রয়ে গেছেন আজও। বয়স বাতাসে বেড়েছে।
সমস্ত ছকের বাইরে দাঁড়ালে দেখবেন আপনি এক অধম। বৃত্তের মধ্যবিন্দুতে খুঁটি। তাতে আপনার গলায় অভ্যাসের দড়ি টানা। গাধার মত একই পথে আপনার কার্যহীন বল খেলা করছে।
আপনি খেলোয়ার বা খেলার সামগ্রী - সেটা অবশ্য আপনার উপর।
৩
আমার মনে হয় জেল খুব ভালো জায়গা যেহেতু খুব সহজে সেখানে যাওয়া যায় না। কারণ চাইলেই খুন করা যায় না। চাইলেই কারো বাড়িতে ডাকাতি করা যায় না। আমিও পারিনি। তবে আজ দুপুরবেলা জেলখানার যে চিত্র মনে এসেছে, ভাবছি প্রত্যেকের একবার করে জেলখানা ঘুরে আসা দরকার।প্রত্যেকেরই। ভালো লাগবে।
আগে চুমু খেলে পুলিশ ধরে নিয়ে যেত, জেলে দিত, এখন মানুষের জ্বালায় পুলিশও কাজ করতে পারছে না, মানুষ ভিডিও বানায়, ন্যাড়া করে, বিয়ে দেয়...জেলে দেয় না।
জেল বড় ভালো জায়গা।
৪
এখন পশ্চিমবাংলার পেছনে আমরা হাঁটছি, মানে এখনও হাঁটছি। তারচেয়ে কম হাঁটছি কবিতার পেছনে। যেমন ধরুন আমার কবিতায় ইদানিং বাঁশি শব্দটি বাজছে। খুব। তার প্রতিফলন আপনারা পাচ্ছেন? না। আপনি বই প্রকাশ করছেন। ছবি হচ্ছে। কবিতা হচ্ছে না। মানুষের জীবনের প্রতিফলন সেভাবে কবিতায় আসছে না। কবিদের খাচ্ছেন, কবিতা খাচ্ছেন না। খাওয়াদাওয়া চলে আসলে কিরকমের রাক্ষসী অথবা তছনছ ভাব ধরে। কবিতার সাথে ঠিক যায় না।
আমি বোকা, কবি নই, কবিতার তছনছ নিয়ে পড়ে থাকি। অথবা আমি রাক্ষসী।
৫
আমি কাদের জন্য লিখি? শিব শিব শিব। শ্মশানে পড়ে থাকা ছাই। অনেকে বলেন পরাবাস্তবতা লিখি। আসলে কী করে আপত্তি করি বলুন ত। এ-ও এক দান। আমি কোনও দান অস্বীকার করতে শিখিনি।আমি হয়ত ভূতেরই দলে। ভূতেরা লেখে কিনা জানা নেই। আমি কি লিখি? স্বয়ং শম্ভু আমার জন্য লিখেছেন। অকপটে স্বীকার করেছেন তিনি ভূতের জন্য লেখেন।
তাহলে আমি ভূতই।

চার নম্বর খুব খুব ভাল লাগল
উত্তরমুছুন