দেবাশিস দাস, দীর্ঘ কবিতা
ডট কম
একটি অসমাপ্ত বাক্যের নীচে শুয়ে আছে নদী।
ভেতরে স্নান। যাবতীয় জোয়ার।
তবে কি উচ্চারণই সব? মোহনা ও মাঝি,
ভুল শরীর ছুঁয়ে লিখে যাওয়া অসুখ—
‘কুলাঙ্গার’ শব্দটি শুনলে আজকাল
নিজের কথাই মনে হয়।
ধূসর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সব।
সব আসলে শব।
গ্রাম ভাঙে। রাস্তাগুলো ক্রমশ
অন্ধকারের দিকে যায়।
আসলে কিছুই সত্য নয়।
না আলো, না জীবন।
যে কোনও রাস্তাই ভুলে যায়,
কোথা থেকে এসেছিল, কোথায় চলছে।
মাঝখানে পাহাড়। আয়ুহীন স্নেহ, ভুল আবদার—
কাকে দোষ ভাবো? তুমিও তো নিজেকে
আড়াল করো ঘন ঘন,
শালপাতায় মুড়ে রাখো বিশ্রাম।
এত যে বেদনা, বলো,
বেদনাই সারৎসার।
আনন্দ ধুলোয় মেখে
কবেই গ্রাস করেছেন মহাকাল। সে বড়ো ভয়ের কথা -
ধীরে ধীরে আরও সুন্দর হয়ে ওঠো।
ক্রমশ নিজেকে ডোবাও।
এই যে জলভর্তি আকাশ,
বিষাদের মতো আছড়ে পড়ে বুকে,
তারও গন্তব্য ছিল একদিন ।
বাকি রইলাম আমি— ঝটিকায় ধরাশায়ী, স্তব্ধ নড়াচড়া
কেন চলে যেতে হবে?
কেনই বা এসেছিলাম?
এমন অজস্র কথাগুলো
ভেঙে ভেঙে তৈরি হয় গোটা বর্ষাকাল।
পায়ে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে দুঃখবোধ।
রাত হলে নিজেকে মেলাই।
যতবার ফিরে যাই, নোনা জল আছড়ে পড়ে।
তিক্ত হতে হতে খসে পড়ে টিকটিকির লেজ।
জীবনের দিকে যা কিছু,
সব এখন পিঁপড়ের খাবার।
এর চেয়ে বরং মিশে যাও।
যেমন ছিঁড়ে যাওয়া সুতো আর লাটাই—
শরীরের ভূগোল থাকলেও
মনের কোনও ভূগোল নেই।
এখন দহন সীমান্তহীন।
পালিয়ে যাওয়ার কোনও জায়গা নেই আর।
আশ্রয়হীন একটা কালো পাতা উড়ছে।
সকলে খই ছড়াও।
এখন চারদিকেই আগুন।
সকলে খই ছড়াও।
এখন মৃত্যুও বহু পুরোনো বন্ধু।
সকলে খই ছড়াও।
কোনও দরজা নেই। কোনও জানালা নেই।
আমি আমার আশ্চর্য সিঁড়িটাকে
কোথাও খুঁজে পাচ্ছি না আর।
হয়তো অতীত ভেবে তাকাব নীরবে
নীচে নামাই একমাত্র ভবিষ্যৎ।
সমস্ত তাচ্ছিল্যকে বানাই বেলিফুলের মালা।
কে কাকে পোড়ায়, কেই বা পোড়ে নিভৃতে?
ধস নামে, রাস্তা ছোট হয়ে যায়।
বোঝার মতো লাগে যাবতীয় প্রেম।
সব আবদার—মুফতখোর উন্মাদ বালক।
আমিও টুকরো হয়ে যাই।
সটান লাথি মারে কেউ— কুড়িয়ে নিই নাম।
সন্দেহের অবকাশে যদি বা মার্জনা পাই
সালাম। সালাম।
অন্তত এইটুকুই অবশিষ্ট আর!
বাকি সব জাহান্নামের গ্রামে
মেয়েলিপনায় ব্যস্ত—
সেলাই হয় না আর।
পড়ে থাকে সুতো,
শূন্যে, হালকা হাওয়ায়, একাকী—
বিয়োগের মতো ভারী।
ফিনকি দিয়ে নামে রাত।
রাত নামলেই ঘৃণা আরও সজীব হয়ে ওঠে।
আমাকে কুকুর ভেবে
মাঝে মাঝে ছড়িয়ে দাও সোনালি মেঘ—
লেজ নাড়তে থাকি।
জল চাই।
লেজ নাড়তে থাকি।
ঘুম চাই।
লেজ নাড়তে থাকি।
নিজেকে চাই।
লেজ নাড়া আর হয় না।
কে যেন ভারী পাথর বসিয়ে রেখেছে লেজে—
মহাকালের মতো একেকটা ইট,
যাবতীয় পিছুটান।
অথচ কোনও রাস্তা নেই আর।
মৃত ফুল ভোর হয়ে
ফুটে আছে শরীরে।
দৌড়াই।
জোকার যেমন।
অতিসপ্ন বয়ে যায় স্নায়ু দিয়ে
মাতলামি ছিটকে আসে।
বিদায় জানানোর কোনও ভাষা নেই আর।
মৃত মানুষের জন্য তোলা থাকে কথা,
জীবিত যারা, তাঁদের জন্য বসন্তকাল।
মাঝখানে আমি—
এই আমার মতো।
আক্ষেপ লিখি—
শালা, ভিতরে প্রস্তুত নই আজও -
এ কোন রাস্তায় নিজেকে নিয়ে এলাম?
ক্ষত বিক্ষত হাওয়ায় হাওয়ায়
ফিরে যাই।
দাঁড়ানো কি এতটাই সহজ?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন