প্রদীপ মজুমদার, গুচ্ছ কবিতা
মহাসড়ক
ক.
তিনি নেই–
স্তম্ভিত অন্ধকারে একা,
ভেতরে প্রবল ঢেউ, মৌন-মিছিল,
তোমার মাথায় ঘুরঘুর করে; পর্বটি সৎকার ।
এই বুঝি ভেঙে পড়লে !
এইসব শূন্যতা মাড়িয়ে তাঁর চিতার কাছে পৌঁছুতেই হবে ।
তবে কীসের স্বরূপ, তোমাকে মায়ের গর্ভে এনেছিলেন পিতা!
তুমি এমন সন্ততি যে পিতার নুন-ভাত খেয়ে তাঁরই মুখাগ্নি করো !
সুষুম্নায় উঠে আসা ওই মৃত্যুবীজ
তারপর তোমাকে পোড়ায়–
খ.
চিতার আগুন নিভে গেলে, তুমি আর ভাই,
ছাই ভস্ম ঘেঁটে ঘেঁটে তাঁর অস্থি জড়ো করো।
তখন মাথায় ঘুরঘুর করছিল যে আবেগ–
সেই ভাবাবেগ মুক্তি ।
পিতার কি মুক্তি ঘটে সন্তানের হাতে !
তবে কি মায়ের গর্ভে তাঁর মুক্তিভ্রূণ সঞ্চার করেন পিতা !
এইসব ঘটনাপ্রবাহ তবে পিতার ইচ্ছাপূরণ !
যা ঘটে গেছে, ঘটছে,
এইসব যৌগপদ্য, সব পিতার রচিত নাট্যরূপ !
যার দীর্ঘছায়ার নিচেই তোমার বসবাস–
গ.
তোমার ভেতর কেউ কথা বলে; শূন্যতার স্বরে ।
সেই স্বরে দাহ–
সেই স্বরে মুক্তি–
সেই সুর শুধু ইচ্ছাপূরণের বলে মনে হয় কেন ?
এইটুকু ভেবে কাগজ কলম ছেড়ে উঠে পড়ো ।
এখন একটি নিরাময়ী জলধারার এখন বড়োই প্রয়োজন
অথবা একটি ঘন শাল-জঙ্গল–
কেন না ভেতরে বহুমুখী শিস্ ।
ফিরে যাও জন্মস্থানে ।
জলের নিবিড় খল-বল শোনো
শৈশবের জলধারা, আলো, থকথকে কাদামাটি,
যা মূলত নদীর রচনা–
সব কীরকম এলোমেলো হয়ে যাচ্ছে ।
কতগুলো বছর ঠেলেঠুলে কী-সব বেরিয়ে আসছে–
সন্ধ্যা আগত প্রায়,
মহাসিন্ধুর সুনীল স্নেহে তুমি ফুটছ, টগবগ করে ফুটছ ।
পিতা পুত্রের পবিত্র চিরন্তন সম্পর্কটি
জন্ম ও মৃত্যুর মাঝে দুলতে থাকা সাঁকোটি;
একটু আলোর খোঁজে অথবা একটু আঁধারের খোঁজে
দিব্য মহাসড়ক ধরে ছুটে যেতে চাইছে ।
ঘ.
তোমার আজন্ম ট্রাজিক ও ক্লাসিক্যাল পিতা
কখনোই ভ্রমণে যান নি বললে ভুল বলা হবে ।
ভার্যা ও মাতার চতুর্দিকে ঘুরে ঘুরে
তাঁর ছিল গ্রীষ্মকাল, ছিল হেমন্ত ও শীত ।
কেবল শ্রীময়ী বর্ষা জানে,
তাঁর কান্না কেউ দেখেনি কোনোদিন ।
আত্মমগ্ন সংসারের চতুর্দিকে ঘুরে ঘুরে
তিনি উচ্চারণ করেছেন প্রাণধারণের মন্ত্র
খুঁজেছেন তোমাদের বেঁচে থাকার টোটকা ।
তাঁর নিষ্কলঙ্ক ও কঠোর জীবনস্রোতে লাট খাওয়া তুমি,
তাঁরই প্রতীক্ষার ব্রহ্মরাক্ষস;
এই হাতে মুখাগ্নি করেছ, করেছ তর্পণ ।
ঙ.
পিতা নেই–
এই গভীর অসুখে এতো কোলাহল
এতো এতো যে নৈঃশব্দ্য–
তা পেরোবে কী করে !
আকাশে গুরুগম্ভীর মেঘ, বৃষ্টি হবে !
বহুঘটনার সাক্ষী একটি প্রাচীন সিঁড়ির ছায়াচ্ছন্ন অন্ধকার
তোমাকে আচ্ছন্ন করে তুলছে ।
কাতর পায়ের তলা থেকে সরে যাচ্ছে ভেজা বালি,
একটি দুরন্ত ট্রেন একটু ছুঁয়েই বেরিয়ে গেল তোমার স্টেশন–
বহুকাল জমে থাকা বরফের চাঁড় ফেটে
রেরিয়ে আসছে নির্মল জলধারা,
বুকের গভীরে জেগে উঠছে দুর্ভেদ্য অরণ্য।
তুমি চোখ বন্ধ করে জলের খলবল শোনো
শোনো অরণ্যের আলোড়ন ।
একটি দূরপথগামী ট্রেনের বিদ্রূপ
ভুলে যাওয়া রাস্তার কথা মনে করিয়ে দিতেই
পাদুকাহীন বেরিয়ে পড়ো, আলোক-উজ্জ্বল সেই পথে–
যে পথ মিশেছে গিয়ে শৈশবের ভুবনডাঙায় ।
চ.
তাঁকে পেরোতে পারোনি
সেই পথে যেতে হবে বলে জোনাকি খুঁজেছ ।
বৃষ্টি বিশ্রামে যাওয়া পাখির বাসার কাছে ঠিকানা চেয়েছ,
যদি পথ খুঁজে পাও– এটুকু প্রত্যাশা।
আনন্দ মন্থন করে উড়ে যায় পাখি ।
তুমি অর্বাচীন,
কী সাধ্য মহাসড়ক ধরো !
সন্ধ্যার আকাশ আজো তাই তোমার নিয়তি ।
ছ.
বারবার বৃত্ত আঁকা হয়
শব্দ গড়ো
শব্দ ভাঙো
কত রাত্রি ভোর হয়, তবু–
তোমার ভেতর জেগে থাকে মৃত্যুবীজ
সেই মৃত্যু নিজরূপে নিজেরই নার্সিসাস ।
পিতা, মৃত্যু, জন্ম ও জীবন ভাবতে ভাবতে
একটি শব্দের মুখোমুখি থমকে দাঁড়াও,
সে শব্দটি তনু ।
তার সাথে মন জুড়ে দাও ।
আবার সংক্রান্তি শুরু হয় মনে
যে মন রটনা বঞ্চিত, মহাপয়ারে বাঁধো তাকে ।
তারপর সন্ধ্যা অতিক্রম করে কাক-জ্যোৎস্নার দিকে বাড়িয়ে দাও পা ।
ইতিমধ্যে জেনেছো যে,
সন্তানের আলো ছাড়া পিতার মুক্তি নেই ।
অথচ পিতাই সরল আলোর উৎস ।
জ.
স্নেহময়ী আঁধারের কাছে রোজ আসো হাওয়া খেতে ।
বলাই বাহুল্য এই আঁধার, তোমার হাতে তুলে দেয় ত্রুটি বিচ্যুতি–
বাবার মৃত্যুর পর পর মনে হয়েছিল,
এই আঁধার তোমার থেকে
কেউই ছিনিয়ে নিতে পারবে না কোনোদিন ।
মাঝে মাঝে এই আঁধারে মোমের আলো জ্বালিয়ে নিভিয়ে
তার তাৎপর্য বুঝতে চেষ্টা করো ।
ঝ.
ইন্দ্রিয় তোরণ খোলা
কালের কলহ রেখে উড়ে গেছে মেঘ ।
এ শরীর দানপাত্র
গেরুয়া পড়েনি,
রোদ-বৃষ্টির ভেতর পরমার্থ খুঁজো ।
রিপু, হস্তির দর্শন, আপেক্ষিক–
শখের কৌপিন নয়,
আনাজ কুড়াতে এসে ফেলে গেছে চীর ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন