রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

কৃষ্ণেন্দু অধিকারী, গুচ্ছ কবিতা

 

যে যুদ্ধের কোনো পতাকা নেই


যুদ্ধের ভেতর জন্মেছি, যুদ্ধের ভেতরেই মরে যাব।

বেঁচে থাকা, স্নান, খাওয়া,
শোক, প্রেম, বিচ্ছেদ—
এগুলোকেও যুদ্ধ বলেছেন অনেকেই।

আমার যুদ্ধ আলাদা।
ডারউইনের আগেও ছিল, এখনও আছে।
চলছে…

আসলে স্লোগানের মতো দৌড়াচ্ছে—
কখনো হোঁচট খেয়ে,
কখনো চায়ের টেবিলে মগজ রেখে
ধুয়ে ফেলছে হাত।

ধুয়ে ফেললেই কি সব সেরে যায়?
অসুখের মতো, প্রেমের মতো,
কিছুই কি লেগে থাকে না আঙুলে?

এই সময় তো আঙুল নিয়েই কথা বলছে,
আঙুলের ভেতরেই লুকিয়ে রেখেছে পরমাণু,
আঙুলের ভেতরেই সকলের কাম।

কুঁকড়ে গিয়ে, ফেটে গিয়ে, স্বাধীনতার কবিতা পড়ে
আর কত দূর সাদা পোশাকে হাঁটব?

শব্দ হয় এখন, এখন বেদজ্ঞ ব্রাহ্মণকে অদ্ভুত লাগে।
আচমন, দান ছোট বলে মনে হয়,
ভিখিরিকে মনে হয় মহান।

আদিম আমি যে এখনও আমি—এই কথাটুকু বুঝলেই যুদ্ধকে থামানো যেত।

উইয়ের ঢিবির ভেতর ঢুকে গেলে
সরল, নিরহংকার কাম খেয়ে ফেলা উইদের দেখা যেত। পোষ্যের মতো রাখা যেত তাদের।
যেত না?

নদীর মতো বাঁক নিয়ে, উঠোন ভিজিয়ে দেওয়া ভিড়ের মধ্যে যারা খুঁজে বেড়াচ্ছে
আসল চুমু, নকল চুমু।
ভিমরুলের মতো তারা।
তাদের কোনো পতাকা থাকে না।

তারা পোশাকের ভেতর জবা ফুল নিয়ে ঘোরে,
সাদা গোলাপ নিয়ে ঘোরে না।



                      —-----×—----


ব্রত



ঝুমঝুমি দেখিয়েছো
শঙ্খচূড় দেখাও দেখি

লতা গুল্মের ভেতর থেকে জরিপ করেছো তাবু
আর কী চাই?
আষাঢ়ের ব্রত
সিদ্ধি মন্ত্র?

এত কেন ভার নিচ্ছো কলসিতে
হালকা করো
কিনারায় নামিয়ে রাখো টগরের গাছ

গাছের ভেতর থেকে
তৃষ্ণার ভেতর থেকে
উঠে দাঁড়িয়ে এইভাবে দিনের পর দিন জেগে বসে
যা কিছুই করো

অন্ধকার গিলে ফেলা ছাড়া
তোমার কোনো ব্রত আছে কি?

             —-----×—-------





ভ্রম 

         

ফড়িং উড়ছে
এ দেয়াল থেকে ও দেয়াল,
ছাদ থেকে মেঝে।

কখনও ফ্যানের পাখায়,
কখনও আলোর দিকে।

এই তার হাহুতাশ,
এই তার কবিতা,

দরজার খোঁজ—


—-----×—----





পাশাপাশি



পাড়ে বসে ঢিল ছুঁড়ি
জল নড়ে
ওই পারে যায় ঢেউ

সেখানেও কেউ আছে, ঢিল ছোড়ে
আমাদের ঢিলগুলি পাশাপাশি বসে
জলের গভীরে কথা বলে


           —-----×—----

মন্তব্যসমূহ

  1. খুব ভালো হয়েছে স্যার পড়ে মুগ্ধ হলাম। তোমার কলম থেকে আর‌ও সুন্দর কবিতা পাওয়ার অপেক্ষায় রইলাম।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com