রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

সিদ্ধার্থ নাথ, গুচ্ছ কবিতা



আয়না

১

এক সমুদ্র কান্নার জল 

কতটুকু কষ্ট পেলে 

গর্জে ওঠে ।

২

হাতের তালু মাপতে থাকি 

ফেরত যোগ্য মাটির জন্যে ।

৩

হাড়ির কথা বলতে নেই

রাংতা দিয়ে মুড়ে রাখি 

তোমার আমার বাসন কোসন। 

৪

দশ মাথা না দশটি হাত 

কার থালাতে ভাত বেড়ে দিই।

৫

এসব এখন বলা বারণ

কারন শুধু কারণ খোঁজে

শহর কিংবা গাঁয়ের ছেলে 

সন্ধ্যে হলে ঝিঁঝি ডাকে

নানান রঙের পোষাক পরে।






কুকুর 


কুকুর সময় এখন 

কুকুরের সাথে সময় দিতে দিতে 

কিছুটা সারমেয় হয়ে গেছি ।

সুরেলা ভাষায় ওদের কণ্ঠ্যে বক্তৃতা দেই ।

আমার চারদিকে যারা ভিড় করে থাকেন 

এরাও আমার সমগোত্রীয় ।

কথা শোনেন, 

সময় হলে নির্দিষ্ট ঘরে গিয়ে 

নখের ছাপ দিয়ে আসেন ।

ওদের ভাষা শিখে গেছি

একটি কুকুর-চেয়ার আমার প্রাপ্য ।






তোমাকে 


নরম বুকের পাশে নদীর মত বাঁশেরা একা

আশ্বিন বিকেলে কাদার ঘ্রাণ গায়ে 

শুকনো পাতারা শুয়ে আছে 

বিয়ারের শূন্য ছিপির পাশে 

ফেনা ফেনা কথাদের ভিড়ে 

সিগারেট একা আঙুলের ফাঁকে 

ধোঁয়া ধোঁয়া চোখে তোমাকে কোথায় খুঁজি 

জলভরা আকাশের চোখ 

গোধূলির গা ছুঁয়ে সন্ধ্যে নামে

জ্যেৎস্নামাখা শরীরের রাত বাড়ে 

গভীর আরও গভীর অপেক্ষায়

কুকুর কুকুর খেলায় গোয়ালের পাশে ভিড় জমে আছে। 

বছর বছর ভাদ্র মাস এলে কুকুর-কুকুরি ব্যস্ত হয়ে পড়েন। 

লেজ নেড়ে নেড়ে ডুগডুগি বাজান। 

ওসব আমার লজ্জা লাগে না । 

বানানটা উল্টো দিকে লেখা শিখে গেছি।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com