বাপ্পা চক্রবর্তী, গুচ্ছ কবিতা
দুর্গা
১
আমি তোমার শরীর ছুঁয়ে দেখতে চাই
দশ হাতের কোন দুটি হাত ,
জড়িয়ে নেবে বুকের কাছে ,
ঘুমিয়ে যাব নিশ্চিতে।
আঁচল খুলে মুখটা মোছো,
দেখতে চাই দুঃখগুলি, আড়াল করে ,
বেশ তো আছো হাসি খুশি,
দাগগুলিতো, আমি জানি।
তোমার পাশে বসলে বুঝি,
এত বড় আকাশটা ,
রোদ বৃষ্টি ঝড় তুফানে ,
ছাতা হয়ে দাঁড়িয়ে আছ।
শরীর ছুঁয়ে দেখতে চাই ,
কে তুমি ! মায়ের মত,
মুখটা দেখে বুঝে ফেলো,
অভিমানের কষ্ট যত।
২
তুলসী কি দুর্গা ছিল
মনে পড়ে যখন তখন
শৈশবের প্রেমে পড়া
ভালোবাসা তনমন
শরৎ মেঘ কোথায় যায়
উড়ে উড়ে মনে মনে
মূর্তি দেখে চোখ নিচে
প্রেমে পড়া কীসের টানে
৩
সোঁদা মাটি ঘ্রাণ মেলেছে
আষাঢ় ঝিরিঝিরি
প্রতিমার সাথে ভাব জমেছে
প্রেমের তিরিতিরি
সাজছে আমার প্রিয় ওগো
সাজছে দেহ মন
মূর্তিপাড়ায় দেখব এসে
দুর্গা যখন তখন
মাটির দেহেই প্রেমে পড়ি
মন হল যে মাটি
জড়িয়ে ধরি নিজের দেহ
মাটির পথে হাঁটি
৪
পাহাড়ি পাছড়া পরা
বুকে যে বুকবন্ধনী
খাড়াং ভরা যৌবনের
উর্বর ধানের প্রেম
দেহের অচেনা ঘ্রাণে
সাজিয়ে তুলেছে মনে
পাহাড়ি উপত্যকায়
এই জুমের টংঘর
তুলসীর কেউ নেই
একা একা নদী যেন
ধুয়ে যায় পাপ যত
স্রোতস্বিনী বনানীর
৫
কেমন করে গোপন করি তোমায় আমি ,
লজ্জার কথা সবাই বলে আমার কানে।
পাপের ফলে ধুঁকছে নদী মরণ ফাঁদে ,
তোমার তেলে ভাজবে যত তোমার গুণ।
অসব কথা মানুষ বলে শুনতে পাই ,
ইশারা বুঝে ঈগল পাখি পশ্চিম কোণ।
একের পরে দুইটা যদি সহজে আসে,
দুপুরবেলা ডাকাত রোদ কবিতা লিখে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন