কৃষ্ণেন্দু অধিকারী, গদ্য
আমার না-যাওয়া
আমার এক বন্ধু আগামীকাল ট্রেনে উঠবে। ধর্মনগর টু বোলপুর। সেখান থেকে বেঁধিয়া। কলেজ থেকে সার্টিফিকেট তুলে সোজা শান্তিনিকেতনে। বড্ড হিংসে হয়। প্রথমত, দূরপাল্লার ট্রেন—তার যে আনন্দ! চুপচাপ বসে জানালার ওপারের বিকেল, অথবা হাফলংয়ের পাহাড়ের পেছন থেকে ওঠা ভোর—এইসব ভেবেই হিংসে। তার ওপর শান্তিনিকেতন। অঙ্ক কষে কষে জটিল করে ফেলেছি বহুবার, যাওয়া হয়নি। সোনাঝুড়ির বন, তার মাঝখানে বসে বাউলদের গান ও তত্ত্ব আওড়ানো, কিংবা কলেজ স্ট্রিটের পাশ ঘেঁষে কফি হাউসে যাওয়ার দৃশ্য—এখনও সেই বহুদিনকার জমিয়ে রাখা বাকেট লিস্টের ভেতরেই কোনোমতে টিকে আছে।
ছোটবেলায় বাবার মুখে শুনেছি কলেজ স্ট্রিট, বাউল গান, সোনাঝুড়ির কথা। তারপর মান্না দে-র গান শুনে শুনে বেড়ে ওঠা। এই যে কফি হাউসের প্রতি আমার এত আকর্ষণ, তার মূল সেই মান্না দে। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, যেখানে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সমরেশ বসু, শঙ্খ ঘোষ থেকে শুরু করে সুনীল, শক্তি, উৎপলকুমার বসু, অমর্ত্য সেনদের মতো মানুষ আড্ডায় বসতেন, সেই কফি হাউসের ওয়েটারদের কথা। প্রেম, বিচ্ছেদ, সাহিত্য, রাজনীতি, তারা যে কত কিছুর সাক্ষী, এই কথাটাই ভাবতে ইচ্ছে করছে। তারা জানতেন, কোন কবি কোন টেবিলে বসেন, কে কড়া কফি খান, কে ইনফিউশন পছন্দ করেন, আর কার কাছে মাসের শেষে বিল মেটানোর পয়সা থাকে না। আড্ডার শেষে টেবিলের তলায় কুড়িয়ে পাওয়া চিরকুটে যে লাইন লেখা হয়েছে, কালক্রমে যে তা-ই সবার মুখে মুখে ঘুরবে, এও তারা জানতেন, তাই ফেলে দেওয়ার বদলে জমা রাখতেন কাউন্টারে। সোভিয়েত ইউনিয়ন, চীন, বামপন্থা, অথবা ইউরোপীয় সাহিত্য ও দর্শনের সিঁড়ি বেয়ে ওঠা তর্কের মাঝেও কারা কারা সিগারেট ভাগ করে খেতেন, তারা দেখেছেন। কখনো কখনো গভীর তর্কের ভেতর আস্তে করে জিজ্ঞেস করতেন, “আরেক কাপ ইনফিউশন দেব?”। এ শুধু আরেকটা কাপ অথবা তার হাতবদলের কথা না, এর পেছনে ছিল আরও কিছুক্ষণ আড্ডাকে বাঁচিয়ে রাখার নীরব অনুমতি।
যারা পুরোনো, তাঁদের মধ্যে কেউ কেউ কবি-সাহিত্যিকদের মেজাজ বুঝে ফেলতেন। বুঝে যেতেন—আজ সমরেশ বসু চুপচাপ। আজ সুনীলবাবুর টেবিলে নতুন কেউ এসেছেন। অথবা কোনো সাহিত্য পত্রিকার সম্পাদক এসেছেন, তাই আলোচনা দীর্ঘ হবে। শক্তি চট্টোপাধ্যায় যেমন আড্ডার ফাঁকে ফাঁকে নতুন লাইন টুকেছেন, তাঁরা টুকেছেন সেই কবিতার ইতিহাস। তাঁরা দেখেছেন ভিয়েতনাম যুদ্ধ, নকশাল আন্দোলন, ফরাসি সিনেমা, মার্কেস, জীবনানন্দ—সব একসঙ্গে, একই টেবিলে। প্রকাশের আগেই বহু কবিতা শুনেছেন, সাক্ষী থেকেছেন গল্পের প্রথম লাইনটির।
বলতে দ্বিধা নেই, আজ এইসব ভাবতে ভাবতে আমি কতখানি হিংসে করে চলেছি। হিংসে করে চলেছি অনবরত—যারা হাফলংয়ের পাহাড় দেখে, যারা শান্তিনিকেতন যায়, যারা ওয়েটার হয়ে ওইসব কবিতা শোনে, তাদের।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন