চিরশ্রী দেবনাথ, দু'টি কবিতা
নবান্নপুরুষ
তবুও ডেকেছি তাঁকে
আজানুলম্বিত হাতে রৌদ্রপাত্র, জলের ধারা
পদরেখায় বিলীন হয়েছে গ্রামের বিষণ্ণ বিকেল
অরণ্যের মতো এই ফিরে আসা,
জানি আপনি সন্ন্যাসী।
কিন্তু পায়ে পায়ে কেন ছড়িয়ে দিচ্ছেন শ্রমসংবাদ, নারী সংগ্রাম আর অবাধ্য হুকলাইনের টানাপোড়ন ?
মগ্ন
সেদিন সে অহংকার করেছিল… নিরবিচ্ছিন্ন
রাত্রির শাসনে তবু নামিয়ে রেখেছিল ঢেউয়ের মুকুট
তাকে বলো প্রতিবিম্বিত অন্ধকারের মধ্যে
আমিও বস্ত্রহীন
আমাদের আগ্নেয় শাল রচনা করেছে দীর্ঘ নিদাঘ
শান্ত সন্ধ্যা পেরিয়ে ঘরে চলে গেছে বিহঙ্গের ঝাঁক
নগ্ন পায়ে এখনো অকাল বৃষ্টির দাগ
প্রেম নয়, মগ্ন কোন শঙ্খস্বর নয় , বালি খুঁড়ে তুলে আনা পৃথিবীর অশ্রুজল
সমর্পণ ধীরে অতিক্রান্ত হোক… পথের শেষে সম্বরার সুবাস !

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন