শুভদীপ দেব, কবিতাগুচ্ছ
অভব্য মোলাজিম ও তার ভবিষ্যৎ-বার্তা
আমি তাঁর নীল গাঢ় আস্তরণে অন্ধকার মেশাই
মেশাতে গিয়ে প্রায় টের পাই
আমার শরীরের সমস্ত অর্বুদ অক্ষৌহিণী হয়ে যাচ্ছে
মহামান্য আলো
হিংস্র ডানা ছড়িয়ে
উড়ে আসছে আনন্দের মোহনায়
মেয়েটার হাতে হাত রাখলে মনে হয়
আমি ত্রিকালদর্শী
আমি দেখতে বাঘের মত
আমার সুস্পষ্ট হালুমের পর্দায় হাততালি লেখা
আমি যদি ইহজীবনের ইস্তাহার পার করে
নতুন যুদ্ধে রটি
আমার মত কবিতা আর কেউ লিখতে পারবেনা
শান্তি বনাম শাস্তির মুতভেড়
বিস্ময় হারিয়ে পালিয়ে গেছ তুমি
আন্তরিক আলোর কাছে রূপ পেয়ে
ঘনায়মান দুন্দুভি বাজাতে বাজাতে
আমি নাবাল সেজেছি
আজ যখন এক একটা শূন্যতায় হল্ট করি
মনে পড়ে যায় গত জন্মের হাহাকার
অভিনয় অভিযোগ ইত্যাদির পাশে পাশে হেঁটে
তুমি যখন আমাকে না পাওয়ার ভান ধর
আমি টায়রোসিয়াস এর সামনে মাথা ঝোকাই
আমাদের ঝরোকা ঝরোকা খেলায়
বিস্ময় ফিরে আসে
ফিরে আসে অকাল কুষ্যাণ্ড মানুষের রেলা
ধীরে ধীরে অবহিত হতে হতে
তুমি ভুত হয়ে যাও
হায় ভূতগ্রস্ত চাঁদ
তুমি আর চাঁদ থাকনা
এবার তাহলে অব্যাহতি দাও
নীলাম্বর চিরকাল আমাকে মুদ্রারাক্ষস চেনালো
মাটির ওপর ফড়িং গড়িয়ে পড়ল চারটে
চারের পরে পাঁচ, পাচের পরে নাচ
এভাবে অনাগত সাম্য স্তিমিত করল
তোমার ভূত হয়ে যাওয়া
হে অবিনশ্বর চিতাবাঘ
তুমি কি আরো বিস্ময়কর
অমিল খোলা পারাপারে তুমি কি
আজো আমাকে শান্তি কিংবা শাস্তি দিতে চাও?
আমি অহিংস গাদ হাতে বসে রয়েছি
তোমার প্রারম্ভিকতা, নাক্ষত্রিক ভুল
আমাকে সহজ হতে দিচ্ছেনা
এই অপার পৃথিবীতে
যার ঘুর্নায়নে প্রবেশ করেই টের পেয়েছিলাম
আমার আর চিকিৎসা নেই
তোমার আর চিকিৎসা নেই
বিস্মিত বিস্তার লুকিয়ে রেখেছে গোপনতা
আর কিছু কিছু অব্যয়
হৃদয়ের পিদিম ঝরা আলো
শুধু তোমাকে রূপ দিক
আমি চুপ করে দেখতে থাকব খনা
জীবনের প্রবচন নিংড়ে এভাবেই
চমকের মত অভিমান হাতড়ে
ঘনিষ্ঠ হবে রাত আর চিৎ-মাতালের অবক্ষয়
মায়া
জনমানবহীন কারাগারের জানালায় - জ্যোৎস্না
নিজেকে মুক্ত করে দেবার আকাঙ্খায় - শাস্তি
এই দশার উপাচার থেকে বহুদূরে - মেঘ
ঠিক তার পরেই বৃষ্টি নামবে ভেবে
পাগল হয়ে গেছিল মেয়েটা
যার বরাবরের পরাভব মেপে
আমার বুকের আগুন প্রতিদিন নিভে যায়
যার চোখ থেকে নেমে আসা প্রেম
আমার একমাত্র অভিশঙ্কা
যদি শুধু এই নিয়ে আমায় বেঁচে থাকতে বল
আমি তোমার দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ব
পাখিদের নিরব আস্তানায় যেভাবে ঘুমিয়ে পড়ে
মূল্যবোধ, অম্লান শাস্ত্রছুট এক স্নান
মেয়েটাকে আমি হাজার বছরের অন্তরালে
খুঁজে যাই,খুঁজে পাই,তাই
মাঝে মাঝে অসহায় কুকুরের মত অভাব আসে
বুক খামচে চিৎকার করতে থাকি
কাগজে আঁকা জতুবৃক্ষ কুচকে নির্ঘাতে বলি - মায়া!
স্বতন্ত্রতা
শহরে দুম করে যখনই বৃষ্টি নামে
আমি আঘাতের ইয়ত্তা খুঁজে বার করবার চেষ্টা করি
বৃষ্টির ও নিজস্ব রাজনৈতিক আস্ফালন রয়েছে
যার দিকে তাকালে, বেকারত্বের আস্কারা টুটে যায়
আমি অপ্রিয় শব্দের জন্য অপেক্ষা করি
ভাবি,আমার এই শতদল শান্তির সন্ত্রাসে
একচালা ঘরগুলোতে ঢুকে পড়বে জল
মানুষে মানুষে খবরে খবরে ধস্তাধস্তি হবে
আমেরিকান উদবৃত্ত শহর থেকেও
ছুটে আসবে আত্মতৃপ্তির একক
যে এককের দিকে হাত হাতড়িয়ে খুশী চাওয়া যায়
শহরে যখন বৃষ্টির কারচুপি শেষ,রোদ্দুর নামবে
প্রেম থেকে আবার শুরু করব নিজেকে
রাতে অপাপবিদ্ধ তারার মোহনায় চুপ করে বসে
প্রেমিকের শুদ্ধ সত্য সত্তায় নৌকা ভাসাবো
সমুদ্রের মধ্যদৃম্ থেকে ফিরে আসা চরাচরের মত
দণ্ডনীতি ফুলে উঠবে নগ্ন শরীরে
অভাবনীয় আগুনে পুড়তে থাকবে পৃথিবীর বৃষ্টির ঘর
ঝমঝম ঝামেলায় কস্-মস্ মিশিয়ে
প্রভাতফেরীতে বেরুব
আমার বুকে দুম করে
আর কোনদিন মৃত্যু আসবেনা
জন্মের সফলতার মত আপেল চিবুতে চিবুতে
ভারতবর্ষ বলে উঠবে আমেরিকা...ইউরেকা...
পিওন
তোমার অন্তরীক্ষ যোজনে হাত রাখতে গেলেই ভেলা হারিয়ে যায়। এই অদ্ভুত দর্শনের কথা কাউকে জানাতে পারিনা। সত্যতার পিরামিড খুব কঠিন। তোমার কাছে সহজ হতে পারে লাশ,অভিলাশ,যৌনরন্ধ্র। একটা মিশুকে জানালায় রোজ যেভাবে নিজের অন্ত্র সমেত পুড়তে থাকে সূর্য। হ্যাঁ, সূর্য। যার কোন নাভি নেই। যার পেছনে পান্ডার মত ঘুরে বেড়ায় না প্লুটো। এখানেই এসে পড়ে নিভন্ত কেরোসিনে ভিজে যাওয়া মেয়েদের কথা। স্লটে স্লটে ভাগ হতে হতে আমার ভাষা হয়ে ওঠে পিপাসু। অনির্বচনীয় আত্মার অসারতা লিখে ফেলে অজস্র গ্রহাণু। বীতশোকের স্তন স্পর্শ করতেই ভেসে ওঠে প্রাক্তন প্রেমিক। রেটিনাতে ধরা পড়েনা তারা। অনিকেত আনন্দে গিলে চলি স্যালাড এর ঘ্রাণ। অবশ্য ঘ্রাণের অভ্যন্তরীণ পূর্ণ পূর্নিমার দিকে তাকানোর সাহস হয়না। পড়তে পড়তে ক্লান্ত না হওয়া ছেলেদের মত আমিও ইঞ্জিন স্টার্ট করি বুকে। বন্ধুরা মরে যায়। মৃত্যুর দায় এড়াতে আবার ফিরে আসে তোমার অন্তরীক্ষের যোজন। তার পকেট রুমাল সহ ধুয়ে ফেলি। যে রুমালে একদিন বীর্য সেলাই করতে চেয়ে তুমিই বলেছিলে আগুন খেকো তৃতীয় বিশ্বের কথা। সেসবের কিছুই মনে রাখতে পারিনি। হেটারোসাইক্লিক ভয় নিয়ে একা একটা আস্ত পরমাণু ধ্বংসে দিয়েছি। জীবনের উল্লাট চাতালে এঁকে দিয়েছি দূ:খের ছাপ। জানি,এসব নিয়ে কেউ বলাবলি করেনা। জগন্ময় অন্ধকার, আন্সটেবল টেট্রাকোয়ার্ক, বিমুগ্ধ বিটুমিন, কেউ না। মাসে মাসে টাকার জায়গায় নন্যর্থক ঢোকে। হ্যাঁ, ঢোকে। একাউন্টে ঢোকে। মানুষের বিষ,মানুষের শিস্ কিছুই যেন কিছু নয়। একদিন এ-ই প্রমোদাক্ষ ভেঙে তুমি এসেছিলে। পেছনে পেছনে এসেছিল তোমার পিওন। সে জুজুৎসু জানতো। ওর অন্তর হিল্লোল হত না। প্রসঙ্গ থেকে প্রসঙ্গাতীত অবহেলা নিয়ে কাতর হয়ে যেতে তুমি। তোমার উল্লেখযোগ্য ছবির কিনারায় একা দাঁড়িয়ে পাহারা দিতাম। তিতাস ভাবতো পাহাড় পাহারা দিচ্ছি। সানুতল ভাবতো সমুদ্র পাহারা দিচ্ছি। ঘটা করে উড়ে আসতো পরিযায়ী। যার পায়খানা, পাথর নোংরা করতো না। বিমোহিত অন্তর নিয়ে যে স্বামীটি বিবাহের পরবর্তী তুড়নের অপেক্ষায় ব্রত থাকে, ঠিক তার মত মাঝেমাঝে তুমি চেহারা বদলে ফেলতে পারতে। যেন কোন অখিল শোভন শোভায় শোভিত। বিনম্র পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতো প্রাণবন্ত সঙ্গম অর্থাৎ নর-নারীর উন্মাদ প্রেম পাথার। ওরা শুষে নিচ্ছে গন্ধ, রক্ত,ঘাম। অপার কাম। আমি তখন ফিলিপাইন যাবার ফ্লাইটে। আমার যাতায়াত ঘিরে ট্রমা নিচ্ছে সেন্ট্রাল ব্যুরো। মিনিমাল ফ্রক পরা এভিয়েশনের চোখ শুধু আমার দিকে। তুমি নেই। তুমি হারিয়ে গেছ,ঝাপসা সবুজ ছবিতে। হারিয়ে হারিয়ে দীক্ষা নিয়েছ চার ধর্মে - হিন্দু,মুসলিম,শিখ,খিসাই। তোমাকে কেউ দেখতে পাচ্ছে না,আমি ছাড়া,আমার মূলমন্ত্র ছাড়া। আমার যতুবৃক্ষের ঘুমন্ত গাছ ছাড়া। প্রশ্ন উঠছে,ঘুমিয়ে ঘুমিয়ে আর কীই-বা দেখতে পাওয়া যায়? উত্তরের পাশে কড়জোর করে নীল হয়ে যাচ্ছি। বুডাপেস্ট,মালয়েশিয়া,কোস্টাব্রাভা পেরিয়ে আমার ফ্লাইট উড়ে যাচ্ছে। একটু পরেই হাইজ্যাক হবে যে ফ্লাইট। একটা নিউজ পোর্টালে যার নাম হবে যাত্রীবাহী বোমা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন